প্রকাশিত সময় :
০৩:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৭৭
ভারতের কানপুরে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহের বাইরে অভিযুক্ত যুবককে বেধড়ক গণপিটুনির ঘটনাও ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। সিনেমা চলাকালীন হলের অন্ধকারে পাশে বসা এক যুবক তাকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ।
বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তিনি এবং চিৎকার করলে আশপাশের দর্শকরা এগিয়ে আসেন। এতে প্রেক্ষাগৃহে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়।
তবে ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সিনেমা শেষে হলের বাইরে বের হলে তরুণীর বাবা অভিযুক্ত যুবককে দেখতে পেয়ে মারধর শুরু করেন।
পরে পরিবারের অন্যান্য সদস্য ও উপস্থিত কয়েকজন পথচারীও এতে যুক্ত হয়ে তাকে গণপিটুনি দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে স্থানীয় থানার এক কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নারী নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি।
ঘটনাটি নতুন করে জনসমাগমস্থলে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।