নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (৩ মে) সকালে জলঢাকা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথক পৃথক ব্যানারসহ র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরবর্তীতে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে সম্মিলিত একটি র্যালি পুনরায় শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব কামারুজ্জামান, সভাপতি, জলঢাকা প্রেসক্লাব। দিবসটি উদযাপনে জলঢাকা প্রেসক্লাব, জলঢাকা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব এবং মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের নিপীড়িত, নির্যাতিত ও অবহেলিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা আপসহীন ভূমিকা পালন করেন। একারণেই সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। “তিনি আরও বলেন, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জলঢাকায় কর্মরত সকল সংবাদকর্মীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি প্রত্যাশা করি, সকল সাংবাদিক ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করবেন এবং আগামীতেও এই দিবসটি নিয়মিতভাবে পালিত হবে।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: 
























