দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার সকালে রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।
রাসিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও আবর্জনার কারণে ওই এলাকায় জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসকের নির্দেশে সোমবার থেকে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, প্রায় ২০ বছর ধরে ড্রেনটি পরিষ্কার না হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন পর পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবার বর্ষায় আগের মতো জলাবদ্ধতার ভোগান্তি হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























