প্রকাশিত সময় :
০৪:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
২৬
চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিক্রির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১ জুন) ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার দাম নির্ধারণ করে থাকে। তবে ব্যক্তিগতভাবে কোরবানি দেয়া অনেকেই চামড়া দান করে থাকেন, যেখানে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না হওয়ায় চামড়া পচে যায় এবং ন্যায্য মূল্য পাওয়া সম্ভব হয় না।
তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে।
এসময় আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি জানান, এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।