শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী ছিলেন।
পরে ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।
তিনি বলেন, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি বর্ণনা করে প্রেস সচিব বলেন, ‘ এ সময় প্রধানমন্ত্রীর অনেকগুলো দ্বিপক্ষীয় বৈঠক ছিল, বহুপক্ষীয় বৈঠক ছিল। এছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়াম ছিল। এখনো সেগুলো চলছে।’
সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, ‘আমরা আশা করি, আরও বিস্তারিত বিষয়গুলো আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, ‘এবার তুরস্ক সফরে গিয়েছেন মাত্র ২১ জন। এটি একটি ইতিবাচক দিক। আরেকটি দিক হচ্ছে, প্রধানমন্ত্রী যখন আসবেন-যাবেন, তখন এখানে হাজার হাজার, লাখ লাখ মানুষের আসা-যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই জায়গা থেকে বেরিয়ে এসেছি।’
প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান।
গত বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

রিপোর্টারের নাম 




















