সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়িতে থাকা কয়েকটি গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলেও সংসদকে জানান তিনি।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, হামলার খবর পাওয়ার পর থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। কিন্তু পরদিন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল না যাওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না হওয়ার পরও কীভাবে পুলিশ এমন সিদ্ধান্তে পৌঁছাল, তা বোধগম্য নয়।
দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কর্মকাণ্ডে কারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, তা এখন আর অস্পষ্ট নয়। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের মূল্যায়ন প্রশ্নের মুখে পড়ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে বিবেচনা করতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ এর আগের দিন তিনি বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছিলেন।
সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বর্তমানে সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। সরকার যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেটি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া উচিত।
তিনি বলেন, তাদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে সরকার যদি অভিযুক্ত পক্ষের মানবাধিকার নিয়েই বেশি উদ্বিগ্ন থাকে, তাহলে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
নাহিদ ইসলামের আশঙ্কা, ফ্যাসিবাদী শক্তির হামলার প্রথম লক্ষ্যবস্তু হতে পারেন তারা; তবে পরবর্তী পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও এর শিকার হতে পারেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের শক্তির সহিংসতা থেকে কারও পরিবারও নিরাপদ থাকবে—এমন নিশ্চয়তা নেই। তাই আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচার নিশ্চিত করার প্রশ্নে সরকারের অবস্থান এবং কোনো ধরনের আপসের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে রুলিং দিয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর এবং সংসদে উত্থাপিত বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্পিকার সরকারপক্ষ এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























