ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন।
বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার মধ্যে ১৪১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে নিহত হয়েছেন ১২৪ জন। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৯ জন
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, এই সময়ে মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মোটরসাইকেল, থ্রি-হুইলার, স্থানীয়ভাবে তৈরি যানবাহন, রিকশা-বাইসাইকেলসহ বিভিন্ন ধরনের পরিবহন।
সংস্থাটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















