সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মোখলেছুর রহমান মাস্টার, আমীর, উপজেলা জামায়াতে ইসলামী, আলমগীর হোসেন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা ও সদস্য সচিব, উপজেলা ক্রীড়া পরিষদ, আলহাজ কামারুজ্জামান, নায়েবে আমীর ও সভাপতি, জলঢাকা প্রেসক্লাব, ডা. নন্দা সেন গুপ্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাজল চন্দ্র, এসআই (তদন্ত), জলঢাকা থানা, খোরশেদ আলম, সহকারী কৃষি কর্মকর্তা, রোকনুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়।
সভায় বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়:
গুজব ও অপপ্রচার: জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছড়ানো বিভিন্ন গুজব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
সাইবার নিরাপত্তা ও জালিয়াতি: ফেক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও এবং অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট তৈরির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি ও প্রতারণার হাত থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করা হয়।
অনলাইন জুয়া ও সাইবার হামলা: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অনলাইন জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ ও গুজব একটি বড় চ্যালেঞ্জ। এর থেকে বাঁচতে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী): 
























