পাবনার ফরিদপুরে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় সিলভার রঙের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেপ্তার মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ জানায়, জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন সিলভার রঙের প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে এর পেছনের ডালার ভেতর থেকে সাদা রঙের ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পলিথিন ও নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে প্রাইভেট কারের চালক ও মাদক কারবারি মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, মাদকের এ চালানটি চুয়াডাঙ্গা থেকে পাবনা-সিরাজগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক : 

























