এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট ছোড়ার ঘটনায় গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে বদলি করা হলো। আজ সন্ধ্যার মধ্যে তাকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার দিকে কাচের পেপারওয়েট ছুড়ে মারার অভিযোগ ওঠে। এতে তার কপালের ডান পাশে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় আদালতেই পড়ে যান। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























