রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন- বাড্ডার মোটরসাইকেল চালক হাসান (৩০) এবং ডেমরায় অজ্ঞাতপরিচয় এক নারী (২৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হন। খবর পেয়ে থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়ে পড়ে আছেন এমন খবর পাই। পরে ঘটনাস্থল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সোমবার রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউটার্নের সামনে কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হন মোটরসাইকেল চালক হাসান (৩০)। পরে স্বজনরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসানের বাবা মো. মুন্না জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে। বর্তমানে তারা বাড্ডা এলাকায় থাকতেন। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
তিনি আরও জানান, রাতে মধ্য বাড্ডা এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন হাসান। খবর পেয়ে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















