দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৭ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৮৭২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৮২ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৮ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৭ হাজার ৩৮৫ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২০ হাজার ১৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ১৫ হাজার ৯৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















