সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন বাতিল হয়ে যাবে। বর্তমানে জাতীয় সংসদে ৩৪৯টি আসনের মধ্যে বিএনপির হাতে রয়েছে ২০৯টি আসন, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। এই সমীকরণের ফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ঐতিহাসিক এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুরুতে সংসদ সদস্যদের ভোটগ্রহণের নিয়ম জানিয়ে দেন। এরপর ভোটগ্রহণ শুরু হয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়৷ এরপর ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপ্রধান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























