ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে তিনি এতদিনের পরিচিত ‘আলমগীর স্যার’। জাতীয় রাজনীতির পরিচিত মুখ হিসেবেও রয়েছে তার আলাদা পরিচিতি। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ফিরছেন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) তার ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক কমিটি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সরেজমিনে দেখা গেছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হচ্ছে তোরণ, চলছে আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি নাগরিক কমিটিও নানা প্রস্তুতি নিয়েছে।
স্থানীয়দের কাছে এ সফরের গুরুত্ব শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়। কারও কাছে মির্জা ফখরুল দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, আবার কারও কাছে তিনি নিজের শহরের পরিচিত ‘আলমগীর স্যার’। রাষ্ট্রপতি হিসেবে নিজের মাটিতে তার ফিরে আসাকে তাই গর্ব, আনন্দ ও আবেগের মুহূর্ত হিসেবে দেখছেন ঠাকুরগাঁওবাসী।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে।
পরে তিনি জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। সেখান থেকে শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সেখানেই তার রাতযাপনের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এ দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন, সভা ও সমাবেশ করেছেন স্থানীয়রা। শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের দীর্ঘদিনের প্রত্যাশার সেই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলার সন্তান মির্জা ফখরুল স্থাপন করায় কর্মসূচিটিকে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখছেন স্থানীয়রা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
রাষ্ট্রপতির সম্ভাব্য যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, ‘তিনি শুধু রাষ্ট্রপতি নন, তিনি আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান। দীর্ঘদিন পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি নিজের মানুষের কাছে ফিরছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত।’
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আগমন জেলার মানুষের জন্য আনন্দ, গর্ব ও আবেগের বিষয়। ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক বলেন, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের এসপি মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























