সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে লরিতে অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা।
ডিইপিজেড ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পরপরই ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার বয়লার বিস্ফোরণ থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক উদ্ধারকাজ শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের ডিউটি অফিসার ফারুক হোসেন জানান, বর্তমানে চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























