জাতিসংঘে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সাইড লাইনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক পরে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, চার দিনের সফরে ১০টিরও বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সাধারণ সৌজন্য সাক্ষাৎ তো আছেই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদাভাবে বা কোনো বৈঠকের সুযোগ বা জায়গা তৈরি হয়েছে?
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা দ্বিপক্ষীয় সফর নয়, বহুপক্ষীয় সফর। এই সফরের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়া। আর দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ আমরা অন্যভাবেও পাচ্ছি। আপনারা ইতোমধ্যে জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এবং তিনি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি হবে দ্বিপক্ষীয় বৈঠক।’
হুমায়ূন কবির বলেন, ‘ওই বিষয়টি আমরা পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে উপযুক্ত সময়ে এবং দুই পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করব। তবে এই সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ। তাই এখানে জাতিসংঘের আওতার বাইরে অন্য কোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ-আলোচনার তেমন সুযোগ থাকবে না।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আসার খবরে বিমানবন্দর ও হোটেলের সামনে নানা স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























