ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। তারপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইয়েও একটি সার্জারি করাতে হয়। আর দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির জন্য প্রায় আট মাস লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী।
এই কঠিন সময় পার করে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তানিয়া বৃষ্টি। এমনকি, এরই মধ্যে কাজে ফেরার জন্যও প্রস্তুতি শুরু করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চমকে দেন। আর এ সময় তাকে লাইভে দেখে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তারা।
তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি
এ অভিনেত্রী সুস্থ থাকা সময় রাত-দিনের বেশির ভাগ সময় শুটিং সেটে কাটিয়েছেন। কিন্তু অসুস্থতার জন্য হঠাৎ করেই সেই ব্যস্ত জীবন থেকে প্রায় আট মাস দূরে থাকতে হয়েছে। এই দীর্ঘ সময় অভিনয়, সহশিল্পী ও কলাকুশলীদের মিস করেছেন তানিয়া বৃষ্টি। বলেন, মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা আমার কাছে পরিবারের মতো। তাদের অনেকেই আমার অসুস্থতায় খোঁজ নিয়েছেন, দেখতে গেছেন এবং কাজে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। তাদের উৎসাহ ও ভালোবাসা মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলেও জানান তিনি।
তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি জানান, অসুস্থতার কঠিন সময় অতিক্রম করে এখন অভিনয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত তিনি। এরই মধ্যে ওটিটিসহ কয়েকটি কাজের ব্যাপারে তার আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই একটি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন।

অভিনয়ে ফেরার ব্যাপারে বলেন, আমি অভিনয়ের মানুষ। অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আর তার এই ফেরার পেছনে ভক্তদের মতামতও ভূমিকা রেখেছে। জানান, ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানতে চাইবেন, দর্শকরা তাকে আবার পর্দায় দেখতে চান কি-না। কিন্তু তারও মনে হচ্ছিল, দর্শকরা তাকে দেখতে চান। শেষ পর্যন্ত ভক্তদের চাওয়াও সেই প্রত্যাশার সঙ্গে মিলে গেছে।
তানিয়া বৃষ্টি
এদিকে এখনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। অবসরে তার সঙ্গী ছয়টি পোষা বিড়াল। তাদের সঙ্গে সময় কাটলে নিজেকে ভালো অনুভব করেন বলেও জানিয়েছেন তানিয়া বৃষ্টি।

রিপোর্টারের নাম 
























