প্রকাশিত সময় :
০৯:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, অতীতে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটে জনগণের সঙ্গে প্রতারণা করার মতো এবারও তারা নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও আদর্শবান সিপাহসালার।
তিনি বলেন, শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল।
অথচ চিকিৎসাবঞ্চিত করে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতাকর্মীকে এভাবেই পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান ও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।