বিএনপির ছত্রছায়ায় দলীয় ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অতীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। বর্তমানে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকাতেও মাদক নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ব্যাংকিং খাতে এখনো আশানুরূপ সংস্কার হয়নি। ফলে ব্যাংক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই কমছে।
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ছত্রছায়ায় দলীয় ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
ক্রসফায়ার-সংক্রান্ত একটি বক্তব্যের বিষয়ে আইজিপির ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলে ধরে নাহিদ ইসলাম ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বর্তমান সরকার অতীতের মতো পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদকসহ দলের অন্যান্য নেতারা।
সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























