প্রকাশিত সময় :
০৪:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৫
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে কেন্দ্র করে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মিশর। দেশটির আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা নিয়ে কায়রো অত্যন্ত উদ্বিগ্ন।
বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘আইআইএসএস মানামা ডায়ালগে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, সংঘাতের দ্বিতীয় পর্যায় শুরু হলে তা আগের তুলনায় আরও বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে।
আবদেলআত্তি বলেন, দ্বিতীয় পর্যায়ের সংঘাত হবে আরও বিপজ্জনক, আরও ধ্বংসাত্মক এবং তা কোনো সমাধান বয়ে আনবে না। এ ধরনের পরিস্থিতি এড়াতে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি।
তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় নতুন করে সামরিক সংঘাতের পথ বেছে নেওয়ার পরিবর্তে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরা