তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।
দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টিও আলোচনায় থাকবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখার প্রকাশিত সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সভায় প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষ নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরে।
তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব তুলে ধরে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক সর্বনিম্ন মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য পৃথক মজুরি কাঠামোর প্রস্তাবও রয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।
শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























