রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে করোনায় কেউ মারা যাননি।
শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজন পুরুষ। তার বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এ সংখ্যা ছিল ৫৮। বর্তমানে রাজশাহীর ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর তিনজন, নাটোরের দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন এবং জয়পুরহাটের তিন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩৯। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনা ধরা পড়েনি ভর্তি ছয়জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন রোগী।
এদিকে, শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে রামেক ল্যাবে একই দিনে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে ২৯ জন রাজশাহীর, ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও দুজন নাটোরের বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক: 

























