রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে হলে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ইতোমধ্যে প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। এতে অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাতে সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক সোলাইমান বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কৃষ্ণ রায়কে কক্ষে ডেকে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষার্থী দাবি করেন, তাকে মারধর ও হত্যা করে শিবির বলে চালিয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোহরাওয়ার্দী হল প্রশাসন আবাসিক শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তদন্ত কমিটি কয়েকদিন বিলম্বে প্রতিবেদন জমা দেয়। নাম প্রকাশ না করা শর্তে তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক বলেন, কৃষ্ণকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা অনাবাসিক। এজন্য তাদের সিট বাতিল করা যাবে না। তবে তাদের যাতে ভবিষ্যতে আবাসিকতা না দেওয়া হয়, সেজন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের জন্য প্রশাসনের কাছে সুপারিশ করা হবে। এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অনুপম হীরা মণ্ডল বলেন, আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি প্রকৃত ঘটনা জানার। সেই অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। আমরা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ পাঠিয়েছি।’ তবে সুপারিশের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাবি শিক্ষার্থীকে মারধরের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, দুই ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- ১০৩
Tag :
সর্বাধিক পঠিত



























