করোনার ধকল কাটিয়ে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে সারা দেশের মত রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কয়েক বছর পর এবার আবারো তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭২০ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো পরীক্ষার্থী কিংবা পরীক্ষক বহিষ্কৃত হননি। তবে প্রথম দিন ১ হাজার ৭২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। নিরাপত্তা ও পরীক্ষার স্বার্থে আধা ঘণ্টা আগেই অর্থাৎ সকাল সাড়ে ৯টার সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছিল। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশনের কাগজ দেখে দেখে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ৮০২ জন। এরমধ্যে প্রথম দিন পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ২০৪ জন। পরীক্ষা দিয়েছে ১ লাখ ৮১ হাজার ৪৮৪ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭২০ জন। রাজশাহীর ৫৩ কেন্দ্রে ২৯৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ১৫৭ জন, নাটোরের ২৬ কেন্দ্রে ১৮২ জন, নওগাঁর ৩৭ কেন্দ্রে ২২৫ জন, পাবনার ৩১ কেন্দ্রে ২৭৬ জন, সিরাজগঞ্জের ৪৪ কেন্দ্রে ২৮০ জন, বগুড়ার ৪২ কেন্দ্রে ২৩৬ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ৬৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৯৪ শতাংশ। এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে রাজশাহীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক হুমায়ূন কবীর জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় ও আশপাশে পুলিশ দায়িত্ব পালন করেছে। শান্তিপূর্ণ পরিবেশেই রাজশাহী বোর্ডের সব কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলছে।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৭২০ জন পরীক্ষার্থী
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- ৯১
Tag :
সর্বাধিক পঠিত


























