প্রকাশিত সময় :
০৫:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
১০১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক বছরের বেশি সময় পর নিয়মিত উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে আগামী চার বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন সেখানে নিয়মিত উপাচার্য ছিল না।তবে দায়িত্বে যোগদান করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা থেকে শুরু করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যাবতীয় চাহিদা পূরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’
গত বছরের জুলাইয়ের শেষ দিকে নিয়মিত উপাচার্য রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়। পরে ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে রুয়েটের জ্যেষ্ঠ অধ্যাপক ও অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন মো. সাজ্জাদ হোসেনকে উপাচার্যের দৈনন্দিন কার্যসম্পাদনের দায়িত্ব পালন করতে বলা হয়। তবে চলতি বছর ২৮ মে পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।তাঁকে নিয়োগের সময় শিক্ষকদের পদোন্নতির ক্ষমতা দেওয়া হয়নি, এই কারণ জানিয়ে তিনি পদত্যাগ করেন। এর পর থেকে একাডেমিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।