নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ মো. শাহজাহান (৪০) নামের শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড স্থানীয় জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শাহজাহান হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের দিকে হাতিয়ার চরআতাউর থেকে ২৫ জন শ্রমিক নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি ছেড়ে যায়। মেঘনা নদীর মাঝ পথে আসলে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করলেও মো. শাজাহান নিখোঁজ থাকেন। তাৎক্ষণিক হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। পরে আজ (শনিবার) সকাল ৮ টার দিকে ঘটনার ১৬ ঘণ্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার করে। হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ তমরদ্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
১৬ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০১:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- ১৭৬
Tag :
সর্বাধিক পঠিত






















