রাজশাহী মহানগরীতে আগামী ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড চলবে। এ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পর্যায়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ‘ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অপরিহার্য। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেজন্য রাসিক নানা উদ্যোগ গ্রহণ করেছে
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবীর, রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, জাতীয় পুস্টি সেবা ও জনস্বাস্থ্য পুস্টি প্রতিষ্ঠানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল আলীম।
রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান।
সভায় জানানো হয়, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নে ২৭৫টি কেন্দ্রে ৭৫০জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা হবে। মাইকিং, মসজিদে জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম-খতিবের মাধ্যমে মুসল্লিদের অবহিতকরণ এবং অন্যান্য উপাসনালনের মাধ্যমেও একই বার্তা পাঠানো হচ্ছে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য সকলকে অবহিত করতে হবে।
এ ক্যাম্পেইনের উদ্দেশ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগ কমিয়ে আনা, ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমিয়ে আনা এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা।-সোনালী সংবাদ

নিজস্ব প্রতিবেদক 























