গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। যা ঈদের আগে প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হতো। ঈদ শেষে সময় হঠাৎ বেড়ে দাঁড়ায় ৮০০ টাকা। এখনো সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, গরুর দাম বেশি। তাই সব ধরনের খরচও বেশি। ৮০০ টাকায় বিক্রি না করলে লোকসান হয়ে যায়। অন্যদিকে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং কক লেয়ার (লাল) প্রতি কেজি ৩৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মাছের বাজারেও দেখা গেছে বাড়তি দাম। প্রতি কেজি চাষের কই বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, শিং মাছ আকার ভেদে প্রতি কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকা, পাঙাস মাছ প্রতি কেজি ২২০ টাকা, রুই মাছ প্রতি কেজি ২৮০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, চিংড়ি আকার ভেদে ৬৫০ থেকে ৭০০ টাকা, পাবদা মাছ আকার ভেদে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, বড় টেংরা প্রতি কেজি ৭০০ টাকা, শোল মাছ আকার ভেদে ৬৫০ থেকে ৭৫০ টাকা, কাতল মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বেড়েছে ডিমের দামও। পাইকারি বাজারে ব্রয়লারের ডিমের শ বিক্রি হচ্ছে ১১৫০ টাকায়। অর্থাৎ দোকানি এক হালি ডিম কিনছেন ৪৬ টাকায়। বিক্রি করছেন চার টাকা লাভে। এক্ষেত্রে ক্রেতাকে প্রতি হালি ডিমের জন্য গুনতে হচ্ছে ৫০ টাকা। ডজন ১৫০ টাকা। এক সপ্তাহ আগেও ব্রয়লারের ডিমের ডজন ছিল ১৩৫ টাকা। হালি ছিল ৪৫ টাকা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























