বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকা-র সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখকে উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগের জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং রবীন্দ্র সরোবর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে নববর্ষ উদযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ উপলক্ষে সব নাগরিককে শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























