প্রকাশিত সময় :
০৬:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
৩
দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (০৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন থেকে এ প্রত্যাহার কার্যক্রম শুরু হবে এবং জুন মাসের মধ্যেই তা সম্পন্ন করা হবে।
এর আগে, মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে দেশের দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও তাদের প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন করে। একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মাঠে অবস্থান অব্যাহত রাখে।
পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করে। তবে সম্প্রতি সেই ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং সরাসরি আইনগত কার্যক্রমে অংশ নিচ্ছে না।