কোরবানির ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানো ও বাজারে ছড়িয়ে দেয়ার প্রস্তুতিকালে একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উত্তরায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং নোট ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় চক্রের আরও দুই সদস্য দুলাল ও মামুনকে আটক করা হয়।
ডিবির দাবি, চক্রটি কোরবানির ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। বিশেষ করে ঢাকার বিভিন্ন পশুর হাটে এসব জাল টাকা ছড়িয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে তারা বিভিন্ন মার্কেটে জাল নোট ছড়িয়ে দিয়েছে বলেও জানায় পুলিশ।
শফিকুল ইসলাম বলেন, কোরবানির পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘবদ্ধ সাইবার অপরাধে জড়িত ছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস, বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























