প্রকাশিত সময় :
০৬:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
৬
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে, মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি আসন্ন বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন দায়ের করেন।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত স্পষ্ট জানিয়েছেন যে তারা বিসিবির নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
অন্যদিকে, শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট আবেদন করা হয়।
সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন এ আবেদন দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।