নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে করা ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রেখেছেন আদালত। সর্বশেষ আজ রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রেখে আদেশ দেন।
এর ফলে সাবেক এই মেয়রের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে, গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার হত্যাসহ পৃথক ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। ওই ১০ মামলার পর আইভীকে নতুন করে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল, যেগুলোতে গত ৩০ এপ্রিল হাইকোর্ট বিভাগ তাকে জামিন দেন। আজ চেম্বার আদালত সেই দুটি মামলার জামিনও বহাল রাখায় তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিনের বিষয়টি চূড়ান্ত হলো।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রথম দফায় ৫টি এবং পরবর্তীতে ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে ফতুল্লা ও সদর মডেল থানায় করা একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন হাইকোর্ট বেঞ্চ থেকে তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সবকটি মামলায় তার জামিন বহাল রাখলেন দেশের সর্বোচ্চ আদালত।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























