রাজধানীর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি পুনর্বাসন ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, বস্তি এলাকায় দোকানপাট ও ঘনবসতির কারণে এবং তীব্র বাতাসের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রায় ১০ লাখ টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি গৃহহীনদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের রাত কাটানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে।
এ ঘটনায় নাশকতার সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তিনি আরও জানান, কিছুদিন আগে এলাকায় উচ্ছেদ অভিযান হয়েছিল। সেই ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















