ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সকাল থেকে দলটির সমর্থকেরা সেখানে জড়ো হতে শুরু করেন।
দলটির দাবি, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে এই আন্দোলন শুরু করা হয়েছে। দিল্লি পুলিশ শেষ পর্যন্ত জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে সিজেপি।
আন্দোলনের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দরে নামার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আন্দোলনকে শান্তিপূর্ণভাবে পরিচালনার আহ্বান জানান এবং সমর্থকদের বই ও জাতীয় পতাকা সঙ্গে আনার অনুরোধ করেন।
এর আগে গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ৬ জুন শান্তিপূর্ণ আন্দোলন শুরু করা হবে। একইসঙ্গে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না হলে আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন বলে জানা যায়।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এক হাজারের বেশি নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছে।
সিজেপির মুখপাত্র জানান, দীর্ঘ আলোচনার পর জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি পাওয়া গেছে। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়, আগে কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া না গেলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
আন্দোলন ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও আয়োজকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























