সম্প্রতি তেহরানে অনুষ্ঠানটি ইমাম হোসেইন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত রাজধানীর একটি প্রধান সড়কজুড়ে বিস্তৃত ছিল। এতে লক্ষাধিক পরিবার, তরুণ-তরুণী ও শিশু অংশ নেয়। ধর্মীয় আচার, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনসাধারণের বিনোদনের সমন্বয়ে সেখানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
১০ কিলোমিটার দীর্ঘ এই পথজুড়ে ছিল জনগণের উদ্যোগে পরিচালিত আপ্যায়ন কেন্দ্র, শিল্প-সাংস্কৃতিক পরিবেশনা, কোরাস দল, পথনাট্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খাবার বিতরণ কেন্দ্র। ফলে এটি দেশের বছরের অন্যতম বৃহৎ জনসমাবেশে পরিণত হয়।
ঈদুল গাদির ইসলামী উম্মাহর ঐক্যের একটি উৎস। এই দিনেই শিয়া মুসলমানদের প্রথম ইমাম হজরত আলী (আ.)-কে হজরত মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজ (হজ্জাতুল বিদা) থেকে ফেরার পথে গাদির খুম নামক স্থানে নবী মুহাম্মদ (সা.) বিরতি নেন। সেখানে তিনি এক ভাষণে তাঁর চাচাতো ভাই হজরত আলী (আ.)-কে নিজের উত্তরসূরি ও প্রথম ইমাম হিসেবে ঘোষণা করেন বলে শিয়া ঐতিহ্যে বর্ণিত আছে। এই ঘোষণা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতে করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















