আজ একাদশে এক ধাক্কায় পাঁচটি পরিবর্তন আনে চেক প্রজাতন্ত্র। ওয়েস্ট হ্যামের তারকা মিডফিল্ডার টমাস সুচেক, জেলেনি, প্রোভোদ ও শুলৎসদের মতো নিয়মিত মুখদের বেঞ্চে বসিয়ে হোলেশ, দারিদা, চের্ভ ও মিখাল সাদিলেকদের সুযোগ দেন চেক কোচ। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় আজ নিষিদ্ধ ছিলেন দক্ষিণ আফ্রিকার শেফেলো সিথোলে ও থেম্বা জোয়ানে। বাধ্য হয়েই একাদশে তিনটি পরিবর্তন এনে এমবাথা, মাসেকো ও অ্যাপোলিসকে নামান কোচ হুগো ব্রুস।
ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। যার ফলশ্রুতিতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় ইউরোপের দলটি। যা চলতি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল। ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন চেক ফরোয়ার্ড অ্যাডাম হ্লোজেক। এরপর ডি-বক্সে বল বাড়িয়ে দিলে সোইকার সঙ্গে ওয়ান-টু দক্ষিণ আফ্রিকার জাল কাঁপান মিখাল সাদিলেক। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আফ্রিকা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেলেও চেক ডিফেন্ডারদের বাধায় তা ভেস্তে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঝবিরতিতে যায় চেক প্রজাতন্ত্র।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। ৪৭ মিনিটে চেক তারকা প্যাট্রিক শিকের হেড রুখে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। এরপর আক্রমণের ধার বাড়াতে বদলি হিসেবে এভিডেন্স মাকগোপাকে মাঠে নামান ব্রুস। ৭৩ মিনিটে মাকগোপার একটি হেড কোনোমতে ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 























