জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম) ইরান সফরকালে দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের তেহরান সফরকে স্বাগত জানান। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সংহতি জানান।
বাংলাদেশের স্পিকার দুই দেশের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ইরানসহ সমগ্র অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিষয়ে টেকসই সমাধান সম্ভব।
বৈঠকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ।
এর আগে, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বৃহস্পতিবার তেহরানে পৌঁছায়। তেহরান বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়ি।

রিপোর্টারের নাম 























