নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপে তাদের প্রবেশপত্র প্রস্তুত করা হয়েছে। প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারলেও তারা আগামী ৪ জুলাই থেকে বাকি সব পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুদুর রহমান। তিনি বলেন, “শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।”
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন বলেন, “ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রস্তুতের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পরীক্ষার বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল ইসলাম, তানভীর হোসেন, শিমুল আলী, সাব্বির হোসেন ও শাওন।
জানা যায়, ফরম পূরণের জন্য কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও বোর্ডে ফরম জমা দেননি। ফলে তারা প্রবেশপত্র না পেয়ে প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ ঘটনায় অফিস সহকারী অমিত কুমার সরকার টাকা নেওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















