এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ বহাল রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই নির্দেশ স্থগিত না করে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আগামী ২৩ নভেম্বর এ আবেদনের শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ফলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর থাকছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। ওই নির্দেশ প্রত্যাহার বা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রিটের পেছনে রয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি। অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পাওয়ায় সরকার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।
কিন্তু পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করে। ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ অথবা পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ইউজিসির অনুরোধও উপেক্ষিত হয় বলে রিটের প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে।
হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে, সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুসরণ করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























