দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছেন। একই সময়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে।
রোববার (৫ জুলাই) প্রকাশিত সংস্থাটির মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৪৯ জন।
মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ। এছাড়া ৯১ জন পথচারী এবং ৫৭ জন চালক ও চালকের সহকারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এ সময় ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। পাশাপাশি ২১টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৭ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ সড়ক, ট্রাফিক আইন না মানা এবং মহাসড়কে স্বল্পগতির যান চলাচলকে চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটি দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি এবং নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণসহ বেশ কয়েকটি সুপারিশ করেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























