জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে নজরুল ভিলেজের ফলক উন্মোচন করেন মন্ত্রী। ফলক উন্মোচনের পর মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং ‘নজরুল কর্নার’। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি তৈরি করা হচ্ছে, যেখানে বছরব্যাপী চলবে নজরুল সাহিত্য ও শিল্পের চর্চা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যে কোনো দল বা গোষ্ঠী, যে কোনো সময় এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবে। প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে মূল ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। মঞ্চ এবং কর্নারের চারপাশ ঘিরে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে, যাতে দর্শনার্থী ও শিল্পীরা গাছের ছায়ায় বসে চর্চা করতে পারেন। পুরো প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে।

রায়হান রোহানঃ 
























