যশোরের অভয়নগরে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি জুট মিলের শ্রমিক।
শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইক চালক লিমন হাওলাদার বাদী হয়ে ছয় জনের নামসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এজাহারনামীয় ছয় জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লিমন হাওলাদারের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তিনি ওই কিশোরীকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে এজাহারনামীয় ছয় জনসহ অজ্ঞাতনামা দুই/তিন জন ইজিবাইক থামিয়ে লিমনকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করে।
মামলার বাদী লিমন হাওলাদার বলেন, ‘ন্যায় বিচার পাওয়ার আশায় ছয় জনের নামসহ অজ্ঞাতনামা দুই-তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি।’
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ছয় জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























