দীর্ঘ ১০ মাস বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশে কাঁচামরিচের অস্থির বাজার স্বাভাবিক রাখতে মরিচ আমদানিতে অনুমতি দেয় সরকার।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ভারতীয় কাঁচামরিচ বোঝায় তিনটি গাড়ি এ বন্দরে প্রবেশ করে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সুত্রে জানা যায়, ১৬ জন আমদানিকারক ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পায়।
মেসার্স পলাশ ইন্টারন্যাশনালের মালিক আমিনুল ইসলাম পলাশ বলেন, ‘‘বেশ কিছু দিন ধরে দেশে কাঁচামরিচের বাজার অস্থির রয়েছে। বাজার স্বাভাবিক রাখতে সম্প্রতি সরকার কাঁচামরিচের আমদানির অনুমতি দেয়। আজ (সোমবার) থেকে আমারসহ অন্যান্য আমদানিকারদের মরিচ আমদানি শুরু হয়েছে। বাজারে কাঁচামরিচ প্রায় ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’’ তিনি আশা করেন, মরিচের আমদানি স্বাভাবিক থাকলে দাম ১০০ টাকার নিচে নেমে আসে।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, দীর্ঘদিন বন্ধের পর এই বন্দরে দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশে কাঁচামরিচের বাজার ঊর্ধ্বগতি। বাজার দর স্বাভাবিক রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার।
তিনি আরও জানান, যেহেতু কাঁচামরিচ পচনশীল পণ্য। সেহেতু কাস্টমসের সকল কাগজপত্র দ্রুততার সঙ্গে কাজ করে ছাড়করণ করা হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























