অভিনয় থেকে দূরে থাকলেও রিয়েলিটি শোয়ে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে। প্রথম সিজনের সাফল্যের পর ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক করন জোহর। আগামী ১৩ আগস্ট, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচার হবে এই শোয়ের প্রথম পর্ব। আর এতে প্রতিযোগী হিসেবে অংশ নেবেন মল্লিকা।
দ্বিতীয় সিজনে ২১ জন তারকা অংশ নিয়েছেন। এতে মল্লিকার অংশ নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার পারিশ্রমিক নিয়ে জোর জল্পনা চলছে বলিপাড়ায়। শোনা যাচ্ছে, সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন মল্লিকা। বিষয়টি নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, “এই গুঞ্জন সঠিক। টাকা কামানোর জন্য ক্ষমা চাইব কেন? যারা বলেন, ‘টাকাই সবকিছু নয়’, তারা মিথ্যা বলেন। আপনি যখন স্বাধীন, নারী-পুরুষ যেই হোন না কেন, টাকা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে বিল পরিশোধ করতে হয়, একটি জীবনযাপনের ধারা বজায় রাখতে হয়।”
রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ দেখা যাবে মল্লিকা শেরাওয়াতকে
নিজেকে স্বনির্ভর নারী হিসেবে উল্লেখ করেন মল্লিকা শেরাওয়াত। তার ভাষায়, “আমি টাকা উপার্জন করতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি এবং নিজের জন্য নিজেই হীরা কিনতে ভালোবাসি।”
এ সাক্ষাৎকারে মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার কথা ইঙ্গিপূর্ণভাবে স্বীকার করলেও, কত টাকা নিয়েছেন তা অবশ্য আড়ালেই রেখেছেন ‘মার্ডার’ খ্যাত এই অভিনেত্রী।
মল্লিকা শেরাওয়াত
২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখেন মল্লিকা। ‘মার্ডার’ সিনেমার মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। এরপর ‘ওয়েলকাম’, ‘প্যায়ার কা সাইড এফেক্ট’, ‘আপ কা সুরুর’, ‘ডাবল ধামাল’সহ অনেক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া জ্যাকি চ্যানের সঙ্গে ‘মিথ’। পরবর্তী সময়ে ‘পলিটিক্স অব লাভ’, ‘টাইম রাইডার্স’-এর মতো আন্তর্জাতিক সিনেমায় দেখা গেছে তাকে। ২০২৪ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















