ভারতীয় টেলিভিশন প্রযোজক প্রীতি সিমোনেস। জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। ‘কমেডি সার্কাস’, ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’-এর মতো জনপ্রিয় শো-তে একসঙ্গে কাজ করেছেন তারা। কপিল শর্মার সঙ্গে বিচ্ছেদ ও ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে দেওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতির কাছে জানতে চাওয়া হয়, ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে দেওয়ার কারেণ মানুষ আপনাকে ‘পাগল’ বলতেন। এ নিয়ে আপনার অনুশোচনা হয় কি না? উত্তরে প্রীতি বলেন, “আমি যখন ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে আসি, তখন এই কথা অনেক শুনেছি। কারণ সম্ভবত আপনি শতাব্দীর সবচেয়ে বড় শো ছেড়ে এসেছেন।”
এই সিদ্ধান্ত নেওয়া প্রীতির জন্য কঠিন ছিল। তা স্মরণ করে এই প্রযোজক বলেন, “শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু জীবনে কখনো কখনো আপনাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। আমি দীর্ঘদিন ধরে কমেডির সঙ্গে যুক্ত ছিলাম। কারণ পেশাগতভাবে আমার কাছে এটাই প্রত্যাশিত ছিল।”
সেই সময়কে ‘মধ্যবর্তী পর্যায়’ হিসেবে বর্ণনা করেন প্রীতি। আসলে তিনি কোন বিষয়ে পারদর্শী, তা নিশ্চিত ছিলেন না। তার ভাষায়—“কারণ আপনাকে অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়।” একবার সেই পর্যায়টি কেটে গেলে, মানুষ এ নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। বিনোদন জগতের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে প্রীতি বলেন, “আপনার শেষ শো-টি যেমন, আপনার পরিচিতিও ঠিক ততটাই। এই ইন্ডাস্ট্রিতে, আপনার প্রোমো বের হওয়া পর্যন্ত বা তা নিয়ে কোনো খবর থাকা পর্যন্তই আপনি প্রাসঙ্গিক।”
প্রায়ই কারো প্রাক্তন প্রেমিকা হিসেবে আলোচনায় থাকা নিয়ে প্রীতি বলেন, “দীর্ঘ সময় ধরে আমি কারো প্রেমিকা ছিলাম। তারপর আমাদের বিচ্ছেদ হয়ে গেল, আমরা নিজ নিজ জীবনে এগিয়ে গেলাম। আর সব খবরের শিরোনামে—আমি কারো প্রাক্তন প্রেমিকা হয়ে গেলাম।”
কেউ যখন কোনো সুপরিচিত তারকার সঙ্গে যুক্ত হন, তখন মিডিয়ার ‘দৃষ্টি আকর্ষণ’ করেন। প্রীতির দাবি—“লিঙ্গের কারণে প্রায়শই নারীদের অবহেলা করা হয় বা তাদের পদদলিত করা হয়। নারীরা শুধু তাদের কাজ রক্ষার জন্যই লড়াই করছেন না, বরং প্রতিনিয়ত নিজেদের চরিত্র রক্ষায়ও লড়ছেন।”
২০১০ সালে সম্পর্কে জড়ান কপিল শর্মা ও প্রীতি। ২০১৮ সালে এ সম্পর্ক ভেঙে যায়। একই বছর শেষের দিকে গিন্নি চাত্রাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা। তবে ৩৬ বছরের প্রীতি এখনো অবিবাহিত।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















