ময়মনসিংহের ত্রিশালে বালুরঘাটের ইজারাদার ও ছাত্রদলের সাবেক এক নেতাকে মারধরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এর আগে বুধবার দুপুরে ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্ট পরিদর্শনে যান ইউএনও আরাফাত সিদ্দিকী। সেখানে ছাত্রদলের সাবেক নেতা ও ঘাটের ব্যবস্থাপক সারোয়ার জাহান বাচ্চুকে মারধরের ঘটনা ঘটে।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেন এবং ‘সরি’ বলেন।
এদিকে বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আরাফাত সিদ্দিকী গণমাধ্যমকে জানান, তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে—এমন একটি আদেশ তিনি পেয়েছেন।
ঘটনার পর ইউএনওকে বদলি এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























