উন্নয়ন কাজে বাধা, রাজপথে বিশৃঙ্খলা তৈরি, মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান বলেন, আমরা দেখেছি, স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে। যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, রাজনৈতিক অধিকার হরণ করতে চেয়েছিল এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের পথ বন্ধ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। জনগণ তাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, এখন আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। একসঙ্গে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। কারণ, এ দেশের মালিক বাংলাদেশের জনগণ। দেশকে গড়ে তুলতে হলে জনগণকে সামনে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। সেই জনগণকেই এখন সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























