রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাসহ সাম্প্রতিক আলোচিত অপরাধের সঙ্গে জড়িতদের অত্যন্ত দ্রুততার সঙ্গে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত কোনো অপরাধের আসামিরা পার পায়নি; বরং পুলিশ অত্যন্ত যৌক্তিক সময় ও তৎপরতার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য ও অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাস অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে দেশে এমন কোনো অপরাধ সংঘটিত হয়নি, যার সঙ্গে জড়িতদের পুলিশ দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে পারেনি। একটি ঘটনাও এর ব্যতিক্রম নয়, আর এটাই বর্তমান সরকারের অন্যতম বড় কৃতিত্ব।’
রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আলোড়ন সৃষ্টিকারী ওই ঘটনাটি ঘটার পর পরই আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। অপরাধ সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই তাদের বিচারের আওতায় আনা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া ‘রামিসা হত্যা’ মামলাসহ বেশ কিছু আলোচিত অপরাধের বিচারিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের এত অল্প মেয়াদের মধ্যে এর চেয়ে বেশি প্রত্যাশা করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি
আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ও সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, যেকোনো দীর্ঘদিনের তৈরি হওয়া ব্যবস্থায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পেশাদার বাহিনীতে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রত্যাশা পূরণ করাই পুলিশের মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আশ্বস্ত করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে শিগগিরই এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া হবে, যেন তারা নিখুঁতভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে এবং এটি একটি প্রকৃত জনপ্রত্যাশিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























