বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা মৎস্য ট্রলার ‘এফবি নাঈম’সহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও উত্তাল সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, খবর পেয়ে কয়েক ঘণ্টার অনুসন্ধান চালিয়ে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটি শনাক্ত করা হয়। রাত প্রায় সাড়ে ১০টায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’ সফলভাবে ‘এফবি নাঈম’ ও এতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকালে নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। এ ছাড়া মাছ ধরার সময় আহত একজন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টোয়িং করে সুন্দরবন সংলগ্ন দুবলার চরে নিরাপদে নিয়ে আসা হয়। পরে উদ্ধার করা ১২ জন জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
জেলেদের ভাষ্যমতে, ট্রলারটি গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর রাতের দিকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ১২ জন জেলেসহ বঙ্গোপসাগরে ভাসতে থাকে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























